কমলগঞ্জে চা-বাগানে বিক্ষুব্ধ শ্রমিকরা গুঁড়িয়ে দিয়েছে মাদকের আস্তানা

চা বাগানের একটি স্টাফ কোয়ার্টারে গড়ে তোলা মাদক আস্তানা গুঁড়িয়ে দিয়েছে উত্তেজিত চা শ্রমিকরা। এ সময় বাসার কেয়ারটেকারসহ চার জনকে পুলিশের হাতে সোপর্দ করে শ্রমিকরা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় মাদকের আস্তানা গুঁড়িয়ে দেন শ্রমিকরা। এদিকে কমলগঞ্জ সদরের স্কুল-কলেজে নিরাপদে যাতায়াত করতে ও নিশ্চয়তার দাবিতে মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা বাগান ব্যবস্থাপকের বাংলোর সামনে অবস্থান ধর্মঘট শুরু করে।

মাধবপুর বাগানের রিপন চাষা, সাগর রজক, গকুল গোস্বামীসহ স্থানীয় চা শ্রমিকরা জানান, মাধবপুর চা বাগানের কম্পাউন্ডার বিকাশ কৈরীর নামে বরাদ্দকৃত কোম্পানির পরিত্যক্ত বাসায় মধ্যরাতে মাদক সেবনের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ চা শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে বাসা ঘেরাও করে। এসময় তারা আট লিটার মদসহ কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন এলাকার আলীম উদ্দীনের ছেলে আহমদ হোসেন (৩২), একই এলাকার নূরুল ইসলামের ছেলে সাহাব আলী (৩০) ও আবুল কাশেমের ছেলে আবুল বাশার (২৫) এবং মাধবপুর পুরানবাড়ি এলাকার আজব উল্যার ছেলে আবুল বাশারকে (৩২)  আটকে রাখে।

কমলগঞ্জ থানার ওসি তদন্ত সুধীন চন্দ্র দাস বলেন, আটক চার জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হচ্ছে।