পাহাড় থেকে অবৈধ বসতি উচ্ছেদ

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের থাইনখালী ও জালিয়াপালং পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বসতি উচ্ছেদ করেছে বন বিভাগ। উখিয়া উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে মঙ্গলবার সকাল হতে বিকাল তিনটা পর্যন্ত দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে উখিয়া রেঞ্জের বনকর্মীরা এ অভিযান চালায়।

সদরের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. সোহেল রানা জানান, উখিয়া রেঞ্জের বিভিন্ন বিটের আওতায় থাকা পাহাড়ি এলাকায় সবার অগোচরে অবৈধভাবে ঘর তুলছিল স্থানীয় দখলদাররা। খবর পেয়ে থাইনখালীতে অভিযান চালিয়ে পাহাড় কেটে গড়া প্রায় ২০-২৫টি ঘর ভেঙে দেওয়া হয়। এ সময় পুনরায় ঘর তুললে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে সাজার আওতায় আনা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।

অপরদিকে, দক্ষিণ বন বিভাগের বিশেষ টহলদল উখিয়ার জালিয়াপালং এলাকায় পাহাড় কাটার কাজে ব্যবহূত একটি ডাম্পার জব্দ করা হয়। এ সময় পাহাড় কাটায় জড়িতরা পালিয়ে যায়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ডিএফও মো. হুমায়ুন কবির বলেন, এমনিতে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে গিয়ে উখিয়া-টেকনাফ ধ্বংসের মুখে পড়েছে প্রায় ৮ হাজার একর বনভূমি। তাই অবশিষ্ট যে বনভূমি রয়েছে তা কোনোমতেই ক্ষতি করতে দেওয়া যায় না। অবৈধভাবে পাহাড় দখল করে ঘর নির্মাণ রোধ ও পাহাড় কাটার বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।