নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চিকিত্সকের অভাবে বন্ধ সিজারিয়ান অপারেশন!

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক অপারেশন থিয়েটার (ওটি) ও প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে। অথচ সেখানে প্রয়োজনীয় জনবল, অ্যানেসথেসিয়া ও গাইনি বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় দীর্ঘদিন ধরে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। ফলে প্রসূতিদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

জানা গেছে, উপজেলার প্রায় চার লক্ষাধিক মানুষের জন্য একমাত্র এ হাসপাতালটি ২০০৭ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এখানে অপারেশন থিয়েটার স্থাপন করা হলেও আজ পর্যন্ত কোনো বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ দেওয়া হয়নি। এখানে দূর-দূরান্ত থেকে চিকিত্সাসেবা নিতে এসে অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা। বিশেষ করে গাইনি কোনো ডাক্তার না থাকায় মহিলা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে এক্সরে মেশিন থাকলেও প্রতিস্থাপন ও মেডিক্যাল টেকনোলজিস্টের (রেডিওগ্রাফি) অভাবে তা চালু করা যাচ্ছে না। তাছাড়া বছরের পর বছর অব্যবহূত ও তালা বন্ধ থাকায় প্রায় কোটি টাকা মূল্যের এসব চিকিত্সার যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে।

ভুক্তভোগীরা জানান, এক্সরে মেশিন, ইসিজি ও জরুরি প্রসূতি (ইওসি) কার্যক্রম বন্ধ থাকায় চিকিত্সা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। রোগীরা এক্সরে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং বাইরে চড়া মূল্য দিয়ে এসব করতে হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিত্ রায় জানান, সংশ্লিষ্ট বিভাগের জনবল না থাকায় সিজারিয়ান কার্যক্রম বন্ধ রয়েছে। আমি যোগদান করেই এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। প্রয়োজনীয় লোকবল পেলেই প্রসূতি বিভাগের কার্যক্রম চালু করা হবে।