হেফাজত আমিরকে ‘কৃতজ্ঞতা’ জানিয়ে এলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের নেতারা

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখায় হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা। গত সোমবার বিকালে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তর নেতৃত্বে সংগঠনের চার সদস্যের একটি প্রতিনিধি দল হাটহাজারী মাদ্রাসায় গিয়ে হেফাজত আমিরের সঙ্গে দেখা করেন। গতকাল মঙ্গলবার এই সাক্ষাত্কারের বিষয়টি সম্পর্কে তিনি ইত্তেফাককে নিশ্চিত করেন।

গত ২০ অক্টোবর ভোলার বোরহানউদ্দিনে মুসলিম তৌহিদি জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পর হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কে অবস্থান নিয়ে সেখানে নামাজ পড়েন।

অ্যাডভোকেট রানা দাশগুপ্ত জানান, ভোলার ঘটনার পর হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা বের হয়ে গিয়েছিল। এ সময় হুজুরের ছেলে আনাস মাদানী বের হয়ে সবাইকে শান্ত করে সম্প্রীতি ও শৃঙ্খলা নিশ্চিত করেন। শান্তি-সম্প্রীতি রক্ষায় হেফাজত আমিরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে আমরা সেখানে গিয়েছিলাম।

প্রতিনিধিদলে ঐক্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ইন্দুনন্দন দত্ত, চট্টগ্রাম জেলা কমিটির সহসভাপতি ডা. গোবিন্দ প্রসাদ মহাজন ও হাটহাজারী উপজেলা কমিটির সভাপতি ডা. অশোক দেব ছিলেন।