মাদারীপুর জেলা সদর হাসপাতালে অ্যানেসথেসিয়া কনসালট্যান্টের অভাবে চিকিত্সাসেবা দারুণভাবে ব্যাহত হচ্ছে। এই পদে চিকিত্সক না থাকায় রোগীরা অনেক সময় ফিরে যেতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে বিকল্প একজনকে দিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা সদরের একমাত্র সরকারি হাসপাতালের অ্যানেসথেসিয়া কনসালট্যান্ট ডা. মো. সাহাদাত হোসেন অন্যত্র বদলি হয়ে যাওয়ায় এই পদে নতুন করে চিকিত্সক নিয়োগ দেওয়া হয়নি। ফলে দীর্ঘদিন যাবত্ গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য রয়েছে। অ্যানেসথেসিয়া বিভাগে কনসালট্যান্ট না থাকায় হাসপাতালে আগত রোগীদের প্রায়শই বিপাকে পড়তে হচ্ছে।
সদর হাসপাতালের আরএমও ডা. শশাংক চন্দ্র ঘোষ জানান, অ্যানেসথেসিয়া বিভাগে কনসালটেন্ট না থাকায় পূর্বাপেক্ষা অপারেশনের কাজ ব্যাহত হচ্ছে। সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম জানান, কনসালটেন্টের (অ্যানেসথেসিয়া) পদটি দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানকেও অবহিত করা হয়েছে বলে তিনি জানান। স্থানীয়দের অভিযোগ রয়েছে বিকালে বা রাতে রোগীরা এলে মাঝে মধ্যেই অন্যত্র যেতে বাধ্য হন। জরুরিভিত্তিতে মাদারীপুর সদর হাসপাতালে অ্যানেসথেসিয়া কনসালটেন্ট নিয়োগ প্রদানের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন।