জামালের চোট গুরুতর নয়

ফিরবেন ফাইনালেই

চট্টগ্রাম আবাহনী অধিনায়ক জামাল ভুঁইয়া সেমিফাইনালে চোটের কারণে পুরো ম্যাচে খেলতে পারেননি। যোগ করা অতিরিক্ত সময়ে তুলে নেওয়া হয়েছিল তাকে। কোচ মারুফুল হক অবশ্য ফাইনালের আগেই তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী।

গত সোমবার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সেমিফাইনালে যোগ করা অতিরিক্ত সময়ে তখন ৩-২ গোলে এগিয়ে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। ম্যাচে ফিরতে মরিয়া গোকুলাম কেরালার এক ডিফেন্ডার জামালকে পেছন থেকে ফাউল করে বসেন। ফলে অধিনায়ককে তুলে নিতে বাধ্য হন স্বাগতিক দলটির কোচ মারুফুল।

জামাল ভুঁইয়া চলতি মাসে ঠাসা সূচির মধ্য দিয়ে যাচ্ছেন। এ মাসের শুরুতে জাতীয় দলের হয়ে ভুটানের বিপক্ষে দুটো প্রীতি ম্যাচেই খেলেছিলেন তিনি। এরপর বিশ্বকাপ বাছাইপর্বে কাতার আর ভারতের বিপক্ষে খেলেছেন। সেখান থেকে ফিরেই আবার শেখ কামাল কাপের ব্যস্ততা।

বর্তমান সময়ে দেশের অন্যতম সেরা এই ফুটবলার নিজেই কিছুদিন আগে জানিয়েছিলেন টানা খেলার ধকল নিতে গিয়ে ছোটোখাটো চোট বয়ে চলেছেন তিনি। তার ওপর যোগ হলো সেমিফাইনালের এই চোট।

কোচ মারুফুল এ নিয়ে দুশ্চিন্তার কিছু দেখছেন না। ফাইনালের আগে অনুশীলনেও তাকে পাওয়ার সম্ভাবনা আছে এমনটাই জানিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার টিম হোটেলের লবিতে সাংবাদিকদের তিনি বলেন, ‘জামালের পায়ে একটু চোট আছে। যেটা প্রতিপক্ষ এক খেলোয়াড়ের ট্যাকলের কারণে হয়েছে। তবে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এখন তার চিকিত্সা চলছে। ফাইনালের আগেই ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাবে এমনটাই আশা করছি।’