বাংলাদেশ ও শ্রীলঙ্কা যুব দলের মধ্যকার চার দিনের আন্তর্জাতিক ম্যাচটি ড্রয়ে শেষ হলো। যদিও প্রথম দুই দিন বৃষ্টির কারণে খেলা হয়নি। এটা ছিল বরিশাল স্টেডিয়ামে প্রথমবারের মতো বিদেশি কোনো দলের খেলা।
শ্রীলঙ্কা তৃতীয় দিনে তিন উইকেটে তোলা ১৫৫ রান নিয়ে খেলতে এসে আজ শেষদিনে নিয়মিত বিরতিতে উইকেট হারায়। শেষ পর্যন্ত ৮৪.৩ ওভারে সাত উইকেটে ৩৩১ রান তোলার পর প্রথম ইনিংস ডিক্লেয়ার করেন শ্রীলঙ্কা অধিনায়ক নিপুণ ধনাঞ্জয়া।
সফরকারী অধিনায়ক নিপুণ দল সর্বোচ্চ ৬৭, সোনাল দিনুশা ৫৮ রান, দুনিথ ওয়ালেজ ৫০, কাভিষকা গামেজ ৪৬ রান, বিক্রমসিংহে ৪৫ রান করেন। বাংলাদেশ দলের পক্ষে আশরাফুল ইসলাম সিয়াম ৮৩ রানে তিন উইকেট, আসাদুল্লাহ-আল গালিব ও নোমান চৌধুরী দুটি উইকেট নেন।
জবাবে প্রথম ইনিংসে খেলতে নেমে দিনের অবশিষ্ট সময়ে ৪৮ ওভারে ছয় উইকেটে ১৪৫ রান তোলার পর খেলাটির ড্রয়ে সমাপ্তি হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচ রেফারি এএসএম রকিবুল হাসান বলেন, প্রথম দুদিন পরিত্যক্ত হওয়ার পর তৃতীয় ও চতুর্থ দিনের খেলা শেষে ম্যাচ অমীমাংসিত ড্র হয়েছে। দুই দলই ব্যাটিং-বোলিংয়ে অসামান্য নৈপুণ্য দেখিয়েছে। মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতি তাদের ভালো লেগেছে। দর্শকদের প্রবল আগ্রহের কারণে বরিশালে আগামীতে আরো বড়ো বড়ো ম্যাচের আয়োজন হবে বলে তিনি আশাবাদী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম অজিয়র রহমান ও বিসিবি পরিচালক আলমগীর খান আলো।