মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গর্ভধারিণী মাকে ধারালো কাঁচি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেছে মাদকাসক্ত ছেলে। আহত সরবজান বেগমকে (৫০) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার জামির্ত্তা ইউনিয়নের রাকান্তপুর গ্রামে গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে।
প্রতিবেশিরা জানান, কৃষক দুদু মিয়ার ছেলে নাছির উদ্দিন (৩০) কোনো কাজকর্ম না করে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সেবন করে আসছে্। মাদকের টাকা না পেলেই স্ত্রী ও মা-বাবাকে সে নির্যাতন করে এবং মাঝে মধ্যে হত্যার হুমকি দেয়। অত্যাচার সহ্য করতে না পেরে প্রথম স্ত্রী নাছিরকে তালাক দিয়ে চলে যান। ২য় স্ত্রীও কিছুদিন সংসার করে বাবার বাড়িতে চলে যান। তার সাথেও নাছিরের এখন যোগাযোগ নেই। মাদকের মামলায় নাছির একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এবং জেল খেটেছে। গতকাল সকালে নেশা ছেড়ে কাজকর্ম করার জন্য মা সরবজান বকাঝকা করলে নাছির ক্ষিপ্ত হয়ে মাকে চুলের মুঠি ধরে মাটিয়ে ফেলে হত্যার উদ্দেশ্যে ধারালো কাচি দিয়ে গলা কাটতে থাকে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে সিংগাইর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, মাদকাসক্ত হয়ে নাছির এ ঘটনা ঘটিয়েছে। বাড়ির লোকদের মামলা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছি। কিন্তু তারা মামলা করেনি। নাছিরকে গ্রেফতারের চেষ্টা চলছে।