বালু উত্তোলনে ভেঙে পড়ছে গোমতী নদীতীর

কুমিল্লার প্রধান নদী গোমতী। ভারত-ত্রিপুরার পার্বত্য ডুমুর এলাকায় উত্পন্ন নদীটি সীমান্তের কটকবাজার হয়ে কুমিল্লায় প্রবেশ করে আদর্শ সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, মুরাদনগর, তিতাস হয়ে  দাউদকান্দির শাপটা নামক স্থানে মেঘনার সঙ্গে মিলিত হয়। নদীটি এক সময় খরস্রোতা থাকলেও ভারতীয় অংশে একাধিক বাঁধ দেওয়ায় এখন প্রায় মৃত। শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে পার হওয়া যায়। বর্ষা মৌসুমে আগে নদীতীরের মানুষ নদী ভাঙার আশঙ্কায় বিনিদ্র রাত কাটালেও এখন সেই অবস্থা নেই। তবে নদীতীরের মানুষের দুর্ভোগ কমেনি। সরকার দলীয় প্রভাবশালীদের নদীতে বেপরোয়া ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন এবং সেই বালু প্রতিরক্ষা বাঁধের ওপর দিয়ে নানা গন্তেব্যে নিয়ে যাওয়ায় একদিকে ভাঙছে নদীতীর, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিরক্ষা বাঁধ। তবে খেয়াল নেই জেলা প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ডের। এমনিভাবে কুমিল্লার আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের কাচিয়াতলী এলাকায় ড্রেজার বসিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে নদীর ওপাড়ে থাকা পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার বালিখাঁড়া এলাকায় নদীর তীর ভাঙছে প্রতিদিন। আর সেই বালু ড্রাম্প ট্রাকে পরিবহনে ক্ষতবিক্ষত নদীর সদর উপজেলার কাচিয়াতলী এলাকায় প্রতিরক্ষা বাঁধ। পরিশেষে, অনিয়ন্ত্রিত বালু উত্তোলন ও বালু পরিবহন বন্ধ করে নদীতীর ও প্রতিরক্ষা বাঁধ রক্ষার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মামশাদ কবীর, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০