ইয়াবাসহ সংগীত শিল্পী সুবর্ণা রূপা আটক

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ১০৭ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন সুবর্ণা রূপা ও রুবেল। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে খিলগাঁও তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সুবর্ণা রূপা নিজেকে সংগীত শিল্পী হিসেবে পরিচয় দিয়েছেন। আটককৃত রুবেল ইয়াবা আনা-নেওয়া এবং মাদকসেবীদের সরবরাহের দায়িত্ব পালন করে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খোরশেদ আলম। তিনি জানান, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিটিভির তালিকাভুক্ত শিল্পী সুবর্ণা রূপার বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কামরুল ইসলাম জানিয়েছেন, সুবর্ণা রূপা ইয়াবা বিক্রি করতেন। তিনি ইয়াবা সেবনেরও ব্যবস্থা করতেন। তার তথ্যের ভিত্তিতে ইয়াবা সরবরাহকারী রুবেল নামের এক যুবককেও আটক করা হয়েছে। তিনি বলেন, ঐ বাসায় নিজের মোটরসাইকেলে করে ইয়াবা সরবরাহের কাজ করতেন রুবেল। পাশাপাশি ইয়াবাসেবীদেরও সরবরাহ করত। ঐ বাসায় নিয়মিত যাতায়াত করতেন ইয়াবাসেবীরা। সেখানে ইয়াবা সেবনের সব রকমের ব্যবস্থাও করা হয়েছিল।

অভিযান চালিয়ে আরো চার নারী মাদকসেবীকে আটক করা হয়। পরে ঐ চার জনকে উত্তরা মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, আটক সুবর্ণা ও রুবেলের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা হয়েছে। আটক সুবর্ণা রূপার পরিচয় নিশ্চিতে চেষ্টা চলছে।