অবশেষে প্রবাসীদের ভোটার হওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সিঙ্গাপুর থেকে নয়, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মাধ্যমে এই ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। আগামী ৫ নভেম্বর থেকে প্রবাসী বাংলাদেশিদের অনলাইনে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করবেন। এ সময় সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ায় অবস্থান করে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইসির যুগ্ম সচিব ও এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) আব্দুল বাতেন ইত্তেফাককে বলেন, ‘আমরা শুরুতেই অনলাইনে নিবন্ধনের মাধ্যমে প্রবাসীদের ভোটার করার পদক্ষেপ গ্রহণ করেছি। অনলাইনে নিবন্ধন হলেও যোগ্য বলে যারা বিবেচিত হবে তাদের বায়োমেট্রিক আমরা সংশ্লিষ্ট দেশে গিয়েই সংগ্রহ করব। এক্ষেত্রে সে সব দেশের বাংলাদেশ দূতাবাস আমাদের সহযোগিতা করবে। আগামী ৫ নভেম্বর মালয়েশিয়া থেকে এই কার্যক্রম শুরু হবে।
ইসি সচিবালয় সূত্র জানায়, প্রবাসী বাংলাদেশিরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে একটি সফটওয়্যারের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করতে পারবেন। ওয়েবসাইটটির ঠিকানা- services.nidw.gov.bd। আবেদনের পর সেই সব আবেদন সঠিক কি না, ইসি তা কেন্দ্রীয়ভাবে যাচাই করবে। যাচাইবাছাই শেষে ইসির কর্মকর্তারা সংশ্লিষ্ট দেশে গিয়ে যোগ্য ও সঠিক আবেদনকারীদের ছবি তোলাসহ ফিঙ্গারপ্রিন্ট ও চোখের মনির ছাপ (আইরিশ) গ্রহণ করবে। প্রবাসীদের ফরম পূরণের ক্ষেত্রে আটটি তথ্য দিতে হবে। সেগুলো হলো, পিতা ও মাতার নাম ইংরেজি ও বাংলায়, বসবাসরত দেশের নাম, জিপ কোড, বাসা ও হোল্ডিং নম্বর, স্টেট বা প্রদেশ, ফোন নম্বর, শনাক্তকারী ব্যক্তির নাম প্রভৃতি। এছাড়াও পাসপোর্ট নম্বর উল্লেখ করতে হবে।
ইসি সূত্রে আরো জানা গেছে, মালয়েশিয়া ছাড়াও যুক্তরাজ্য, দুবাই ও সৌদি আরবের প্রবাসীরা এই সুযোগ পাবেন। পরে পর্যায়ক্রম অন্যান্য দেশে অবস্থানরত বাংলাদেশিরাও এই সুযোগ পাবেন। এ জন্য ইতিমধ্যে ভোটার তালিকা বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। এতে বলা হয়েছে, বিদেশে বসবাসরতরা সেই দেশে ইসির স্থাপিত রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে কিংবা অনলাইনে ভোটার হওয়ার আবেদন করতে পারবেন। এর আগে ইসি সরাসরি সিঙ্গাপুরে গিয়ে সেখানে বসবাসরত প্রবাসীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে এ বিষয়ে যথাসময়ে সিঙ্গাপুর সরকারের কাছ থেকে অনুমতি না পাওয়ায় সেটা সম্ভব হয়নি। পরে ইসি তাদের সিদ্ধান্ত পালটে মালয়েশিয়ায় অনলাইনে নিবন্ধনের পদক্ষেপ গ্রহণ করে।
খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৮ সালে দেশের উচ্চ আদালত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার সংবিধান স্বীকৃত বলে ঘোষণা দেন। দীর্ঘ ১৯ বছরেও সেই ঘোষণা বাস্তবায়নের মুখ দেখেনি। বিশ্বের ১৫৭টি দেশে কোটির ওপরে প্রবাসী বাংলাদেশি রয়েছেন।