বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করেছে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ। তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে প্রতিহিংসামূলকভাবে আটকে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা গুরুতর। সোজা আঙুলে ঘি উঠবে না। আমাদেরকে রাস্তায় নামতে হবে, আমাদেরকে আন্দোলন করতে হবে এবং এই দানব সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য করতে হবে। গতকাল মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে যুবদল আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, আপনারা একটি মিথ্যা সাজানো মামলায় বেগম জিয়াকে কারাগারে আটকে রেখেছেন। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে এবং তার পছন্দমত সুচিকিত্সার ব্যবস্থা করতে হবে। সবার আগে তার যে আইনগত প্রাপ্য সেই জামিনের জন্য আপনারা বাধা দিবেন না। এটা তার সাংবিধানিক অধিকার। ক্যাসিনোর প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেছিলেন এগুলো আইওয়াস নয়। আইওয়াস তো বটেই, গত ৩০ তারিখের নির্বাচনে ২৯ তারিখ রাতেই তো লুট করে নিয়েছেন। এখন ক্যাসিনোর ছোটোখাটো দুই-একজনকে ধরে দেখাচ্ছেন আমরা শুদ্ধি অভিযান করছি।
যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহসভাপতি মোর্তাজুল করিম বাদরুল, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান প্রমুখ বক্তব্য দেন।