পাটগ্রামে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইয়ের হাত ভেঙে দিল বখাটেরা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পূর্ব জগেবড় ভেরভেরীরহাট এলাকায় প্রেমের প্রস্তাব দিয়ে বিবাহিত বোনকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মেয়ের ভাইকে বেধড়ক পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। 

পাটগ্রাম থানায় দেওয়া অভিযোগ সূত্র ও মেয়ের বাবা-মা জানায়, বিবাহ উপযুক্ত মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই উত্ত্যক্ত করত একই গ্রামের আব্দুর রহমান হাজির ছেলে রানা (২৫)। প্রকাশ্যে খুন-জখম করার হুমকিও দিত। রানার পরিবার প্রভাবশালী হওয়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, নেতা ও দেওয়ানীদের নিকট ঘুরেও তারা প্রতিকার পাননি। এতে ভয়ে মেয়ের পরিবার দিনের বেলায় বসতবাড়ি থেকে বের হতো না বলে জানান মেয়ের মা বেলি বেগম। তিনি বলেন, ‘রানা হুমকি দিয়ে বলে কাউকে কোনো কিছু বললে আমাদের পরিবারের সবাইকে নাকি সাত টুকরা করা হবে।’ অনেক কষ্টে একই উপজেলার ধবলগুড়ি গ্রামে মেয়েকে বিয়ে দেওয়া হয়। এরপর ক্ষিপ্ত হয়ে রানা ও তার সহযোগীরা বাড়িতে গিয়ে বলে, ‘তাদের মেয়ে ও মেয়ের স্বামী চোখের সামনে পড়লেই তাদের খুন করা হবে।’ এ হুমকির প্রতিবাদ করায় কলেজ যাওয়ার পথে রবিবার মেয়ের বড়ো ভাই সুমনকে (২৪) রানা ও তার পাঁচ/ছয় জন সহযোগী লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে ডান হাত ভেঙে দেয়। বর্তমানে সুমন পাটগ্রাম হাসপাতালে চিকিত্সাধীন। মেয়ের বাবা আব্দুল গফুর গতকাল বলেন, ‘থানায় অভিযোগ দিয়েছি। ন্যায় বিচারের আশায় আছি।’

মেয়ের ভাই সুমন বলেন, ‘কলেজ যাওয়ার সময় আমাকে লোহার রড ও গাছের ডাল দিয়ে রানা ও সুমন অমানুষিকভাবে মারপিট করে হাত ভেঙে দেয়। আমরা গরিব মানুষ, আমার বোনের কী হবে। আমরা এর উপযুক্ত বিচার চাই।’