যৌতুকের জন্য প্রাণ গেল বাল্যবিবাহের শিকার পূর্ণিমার!

                

যৌতুকের জন্য পূর্ণিমাকে (১৫) সইতে হয়েছে অসহ্য নির্যাতন-গালমন্দ। তবু পরিবারের সম্মান আর সামাজিকতা রক্ষায় স্বামীর ঘর ছাড়েনি কিশোরিটি। কিন্তু সেটাই কাল হলো তার জন্য। গত রবিবার সন্ধ্যায় আকস্মিকভাবে শ্বশুরবাড়ির লোকজন পূর্ণিমাকে আশঙ্কাজনক অবস্থায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

যৌতুকের টাকা না দেওয়ায় নির্যাতনের পর পূর্ণিমার মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার দিনমজুর বাবা পলান কাজি। উপজেলার খুবজিপুর গ্রামে পূর্ণিমার শ্বশুরবাড়িতে ওই ঘটনা ঘটেছে। এ ঘটনায় পলান কাজি সোমবার রাতে বাদী হয়ে গুরুদাসপুর থানায় ছয় জনকে অভিযুক্ত করে এজাহার দিলেও পুলিশ তার আগেই ইউডি মামলা রেকর্ড করেছে।