লাদেনের মতো বাগদাদিও সমুদ্রে সমাহিত

মৃত্যুর পর আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মতোই ভাগ্য বরণ করেছেন জঙ্গি গোষ্ঠী আইএসের প্রধান আবু বকর আল-বাগদাদি। তার মৃতদেহও সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে যে কুকুরের তাড়া খেয়ে বাগদাদি আত্মঘাতী হয়েছিলেন সেই কুকুরের ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানিয়েছেন, বাগদাদির সম্ভাব্য উত্তরসূরিও মার্কিন অভিযানে নিহত হয়েছেন। খবর ডন ও ইকোনমিক টাইমসের

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফস জেনারেল মার্ক মিলে জানান, যুদ্ধের রীতি মেনেই বাগদাদির শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই বাগদাদির দেহাবশেষ সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার জানিয়েছেন, আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের মতোই বাগদাদিরও জায়গা হয়েছে গভীর সমুদ্রে। এজন্য বেশ কয়েক জন মুসলিম ধর্মগুরুর সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা জানিয়েছেন, স্থলে বাগদাদিকে সমাহিত করলে ঐ স্থান তার অনুসারীদের জন্য তীর্থস্থান হয়ে উঠত। এতে নাশকতার আশঙ্কা আরো বাড়ত। তাই লাদেনের মতোই অস্তিত্ব মুছে ফেলতে সমুদ্রে বাগদাদির দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর তার মৃতদেহ সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় জানিয়েছেন, আইএস নেতা আবু বকর আল-বাগদাদি নিধনে দুর্দান্ত কাজ করা সেনা কুকুরের ছবি আমরা শেয়ার করছি। তবে নাম গোপন রাখা হয়েছে বলে জানিয়েছেন মার্ক মিলে। তিনি জানিয়েছেন, অভিযানে সামান্য আহত হয়েছে কুকুরটি। তবে চিকিত্সার পর আবার সে কাজে যোগ দেবে।