গোয়ালন্দের সেই অস্থায়ী ইলিশবাজার গুঁড়িয়ে দিল প্রশাসন

গোয়ালন্দে নিষেধাজ্ঞা চলা সময়ে মা-ইলিশ বিক্রির জন্য বিশাল আয়োজনে পদ্মার দুর্গম চরে গড়ে ওঠা অস্থায়ী ইলিশবাজার গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত দফায় দফায় অভিযান চালিয়ে চরের ওই বাজারে গড়ে ওঠা খাবার, ট্রলারের জ্বালানি তেলসহ অন্যান্য দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় প্রায় ১৫ লাখ মিটার কারেন্ট জাল ও অসংখ্য মাছ ধরার ট্রলার ধ্বংস করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে অস্থায়ী ইলিশবাজার অনেকটাই জনশূন্য হয়ে যায়।

নিষেধাজ্ঞা চলা সময়ের জন্য গোয়ালন্দ উপজেলার পদ্মা তীরের কলাবাগান নামক স্থানে বিশেষ কায়দায় মূল নদী থেকে নালা খনন করে গড়ে উঠেছে অস্থায়ী বিশাল ইলিশবাজার। যেখানে শত শত জেলে নৌকা পদ্মায় ইলিশ শিকার করে নিয়ে আসত। কিছুটা কম দামে সেই মাছ কেনার জন্য অস্থায়ী ওই ইলিশবাজারে ভিড় করতেন প্রচুর ক্রেতা। এলাকাটি দুর্গম হওয়ায় নির্বিঘ্নে ওই বাজারে চলতো হাজার হাজার কেজি ইলিশ বিক্রি।

গোয়ালন্দ উপজেলা মত্স্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, গোয়ালন্দ উপজেলার দুর্গম চরে কলাবাগান নামক স্থানে নিষেধাজ্ঞা চলা সময়ের জন্য গড়ে ওঠা ইলিশবাজার নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে গত কয়েক দিন সেখানে দফায় দফায় অভিযান পরিচালনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার নৌপুলিশের সহযোগিতায় ওই বাজারে অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন জানান, দফায় দফায় অভিযান চালিয়ে কলাবাগান এলাকার ইলিশবাজার বন্ধ করাসহ পদ্মায় মা-ইলিশ শিকার নিয়ন্ত্রণ করা হয়েছে। মঙ্গলবার ভোর ৩টার দিকেও কলাবাগান এলাকায় অভিযান চালানো হয়। এসময় ইলিশ শিকারের জন্য জড়ো হওয়া জেলেরা পালিয়ে যায়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও জেলে নৌকা ধ্বংস করা হয়।