গাজীপুরে পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২

গাজীপুরে একজন এএসআইয়ের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করে রবিবার বিকালে মামলাটি দায়ের করেন মেট্রোপলিটন বাসন থানার এএসআই রজব আলী।

আসামিরা হলেন জেলার শ্রীপুর উপজেলার আবুল কাশেমের ছেলে তোফায়েল আহমেদ ও ফজলুল হকের ছেলে আল ওয়াকিল নাফিস এবং কালীগঞ্জের রেদোয়ান ওরফে এলেক্স। তারা তিনজনই ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। এদের মধ্যে রেদোয়ান পলাতক রয়েছে।

বাদি এজাহারে উল্লেখ করেছেন, শনিবার বিকালে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের গেট সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে কয়েক শিক্ষার্থী বাসে উঠতে গেলে হেলপার বাধা দেয়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ গেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস আটকে আল আমিন নয়ন (৩২) নামে এক পরিবহন শ্রমিককে বেদম মারধর করে। একপর্যায়ে কলেজ হোস্টেল থেকে শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে যায়। এ সময় বাদী এএসআই রজব আলী ও এএসআই কামরুল ইসলাম মোটর সাইকেলযোগে ওই পথ দিয়ে যাওয়ার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এতে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় এএসআই কামরুল ইসলামের মাথা ফেটে যায়। পরে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন।

এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে ৭ জনকে ছেড়ে দেওয়া হয়।