সাকিবকাণ্ড

বিদেশি ক্রিকেটারদের সমালোচনা

সাকিব আল হাসান শাস্তি পাওয়ার পর থেকে টুইটারে চলছে পক্ষে-বিপক্ষে তর্ক, নিন্দা ও সহানুভূতির আলোচনা। এর মধ্যে বিদেশি সাবেক ক্রিকেটাররা অবশ্য সাকিবের নিন্দাই করেছেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন লিখেছেন, ‘সাকিব আল হাসান হলেও কোনো ধরনের সহানুভূতি নেই। অন্য কেউ হলেও না। বর্তমান সময়ে এসে খেলোয়াড়দের সব সময় জানানো হয় তারা কী করতে পারবে এবং কী পারবে না। এছাড়া কোন কোন বিষয়ে সরাসরি অভিযোগ জানাতে হবে। দুই বছর (শাস্তি) যথেষ্ট নয়। আরো বেশি দিন হওয়া উচিত ছিল।’

পাকিস্তানি সাবেক ক্রিকেটার রমিজ রাজা বলছেন, ‘সব ক্রীড়াপ্রেমী ও ক্রীড়াবিদের জন্য সাকিবের শাস্তি একটি শিক্ষা; আপনি যদি নিয়ম-নীতিকে পাশ কাটিয়ে খেলার চেয়েও বড়ো হতে চান, তাহলে চরম পতনের জন্যও তৈরি থাকুন।’

নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার স্কট স্টাইরিস বলেছেন, ‘এক বছরের নিষেধাজ্ঞা? কেন? দুই বছরের জন্য বিদায় বলা উচিত ছিল।’

তবে এই সময়েও সাকিবের পাশে আছেন তার সতীর্থরা। মুশফিকুর রহিম ফেসবুক পেজে লিখেছেন, ‘সেই বয়সভিত্তিক স্তর থেকে একসাথে খেলছি প্রায় ১৮ বছর ধরে। তোমাকে ছাড়া মাঠে ক্রিকেট খেলার কথা কল্পনা করাও দুঃখের ব্যাপার। আশা করছি, খুব দ্রুত একজন চ্যাম্পিয়নের মতোই ফিরে আসবে। তোমার জন্য সব সময় আমার ও বাংলাদেশের সমর্থন রইল।’