আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, জোটে থেকে জোটগত সুবিধা ভোগ করবেন, আবার কারোর বাহাবা পেতে জোটের মূল নীতি বিরুদ্ধে গিয়ে কথা বলা যেন অনেকের ফ্যাশন হয়ে গেছে। এটা পরিহার করতে হবে। এটা চলতে পারে না।
সোমবার আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসভবনে ১৪ দলের বৈঠকে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মোহাম্মদ নাসিম বলেন, জোটের নীতির বিরুদ্ধে কেউ কথা বলবেন না। কেউ যদি মনে করেন জোটের সঙ্গে ভিন্নতা আছে, তাহলে জোটে থাকবেন না। আর যদি কোনো বক্তব্য থাকে, সরকারের ভুল-ত্রুটি চোখে পড়ে—তাহলে জোটের ফোরামে আলোচনা করবেন। প্রয়োজনে সংসদে কথা বলবেন। জোটে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব, নীতি ও আদর্শ নিয়ে চ্যালেঞ্জ করা যাবে না বলেও সাফ জানিয়ে দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দল একটি আদর্শিক জোট। অসাম্প্রদায়িক দেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে হবে। কারো বাহাবা পেতে জোটের নীতির বিরুদ্ধে কথা বলা দুঃখজনক।