স্পোর্টস রিপোর্টার
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় ক্রিকেটার ও ক্রীড়ামোদীদের পাশাপাশি ব্যথিত ফুটবলাররাও। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, মামুনুল হকসহ অন্যরাও সাকিবের নিষেধাজ্ঞায় সহমর্মিতা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন।
সাকিবের নিষেধাজ্ঞা শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সাড়ম্বর আয়োজনেও ফেলেছে বিষাদের ছায়া। গতকাল ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনেও এলো এই প্রসঙ্গ।
জামাল ভুঁইয়া গত মঙ্গলবার সাকিব নিষিদ্ধ হবার ঘোষণাটি আসার কিছু পরেই নিজের ফেসবুক পাতায় সমবেদনা জানিয়ে পোস্ট দেন। এরপর গতকাল বললেন, বিশ্বসেরা অলরাউন্ডারের এই নিষেধাজ্ঞায় তিনি ব্যথিত।
তিনি গতকাল চট্টগ্রামে সংবাদ সম্মেলনে বলেন, ‘তার জন্য খারাপ লাগছে। ইদানিংকালে সাকিবের জন্যই ক্রিকেটকে ফলো করে, এমন ভক্তও পাওয়া যাবে। সে একজন মহান এবং সত্যিকারের নেতা। সবাই আসলে তাকে খুব মিস করবে।’
সাবেক অধিনায়ক মামুনুল ইসলামও সাকিবকে নিয়ে ফেসবুকে পোস্ট দেন। মামুনুল লেখেন, ‘একজন চ্যাম্পিয়নকে প্রাপ্য সম্মানটা দিতে পারছি না, এটা আমাদের জন্য লজ্জার? একজন খেলোয়াড় হিসেবে এবং বিকেএসপির সিনিয়র হিসেবে এজন্য আমি দুঃখিত? তুমি ক্রীড়ামোদি বাংলাদেশের জন্য নায়ক। জলদি ফিরে এসো।’