সাকিবের পাশেই আছেন সতীর্থরা

স্পোর্টস রিপোর্টার

একজন মাইকেল ভন হয়তো এই সময়ে সাকিব আল হাসানের সমালোচক হয়ে উঠেছেন। কিন্তু সে তুলনায় সহানুভূতি ও ভালোবাসাই বেশি পাচ্ছেন সাকিব। বিশেষ করে তার সতীর্থরা এই সংকটকালে সবাই এসে দাঁড়িয়েছেন তার পাশে। সিনিয়র-জুনিয়র প্রায় সব ক্রিকেটারই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাকিবের প্রতি সমর্থন জানিয়েছেন। তারা একবাক্যে বলেছেন, এই কঠিন সময় পার করে সাকিব আরো শক্ত হয়ে ফিরে আসবেন ক্রিকেটে।

সাকিবের অবর্তমানে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিতে হবে মাহমুদউল্লাহকে। তার নেতৃত্বেই গতকাল দেশ ছেড়েছে দল। তার আগে রিয়াদ লিখেছেন, ‘আমাদের সবার মধ্যে তুমিই এখনো সেরা এবং সামনেও তাই থাকবে। আমাদের সমর্থন তোমার সঙ্গে আছে। সর্বশক্তিমান আল্লাহ তোমাকে শক্তি দিন। দুর্দান্তভাবে ফিরে আস চ্যাম্প।’

সতীর্থদের মধ্যে তামিম ইকবাল অনেকদিন ধরে দেখছেন সাকিবকে। বন্ধুকে নিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, ‘ভাবতেই কষ্ট হচ্ছে যে তোমাকে ১২টা মাস পাশে পাবো না। তবে, সাকিব আমি আশা করি তুমি অবশ্যই আরো শক্ত হয়ে ফিরবে। এক বছর পর আবারও আমরা এক সঙ্গে খেলব, ট্রেনিং করব।’

বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান ফেসবুকে লিখেছেন, ‘আমি জানি না এখন কী বলা উচিত। এখনো আমি ঠিক বিশ্বাস করতে পারছি না যে, আপনাকে ছাড়া আমাদের খেলতে হবে। তবে, আমি জানি ও বিশ্বাস করি যে, আপনি আরো শক্তিশালী হয়ে ফিরবেন। আপনার জন্য আমরা অপেক্ষা করব সাকিব ভাই।’

মুস্তাফিজের কথার সঙ্গেই যেন সুর মেলালেন আরেক পেসার তাসকিন আহমেদ। তিনি লিখেছেন, ‘দুশ্চিন্তা করবেন না ভাই। আপনি আগের চেয়েও বেশি শক্ত হয়ে মাঠে ফিরবেন।’

স্বল্প সময় ধরে হলেও সাকিবকে কাছ থেকে দেখেছেন সৌম্য সরকার। সেই দেখা থেকেই তিনি লিখেছেন, ‘২২ গজের উইকেটে, ড্রেসিংরুমে, টিম বাসে, টিম হোটেলে আপনার শূন্যতা আমাদের জন্য কোনোভাবেই কাম্য নয়। আমি জানি না এই পরিস্থিতিতে কি বলতে হয় বা লিখতে হয়। শুধু এটুকু বিশ্বাস করি আপনি ফিরে আসবেন, আগের থেকে আরো পরিণত হয়ে। কারণ আপনি সাকিব আল হাসান।’

সাকিবের অনুপস্থিতিতে টেস্ট দল সামলাবেন মুমিনুল হক। নতুন এই টেস্ট অধিনায়ক লিখেছেন, ‘ভয়ানক হূদয়বিদারক সংবাদ। এই মানুষটা এক ও অদ্বিতীয়। আপনাকে ভালোবাসি, ভাই। আপনি বাংলাদেশের গর্ব।’

দলের তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত জানিয়ে দিয়েছেন, তারা সমান ভালোবাসেন এখনো সাকিব আল হাসানকে, ‘আমরা আপনাকে ভালোবাসি ভাই। আশা করি আপনি আগের চেয়ে শক্তিশালী হয়ে ফিরবেন। আপনার জন্য প্রার্থনা রইলো।’