ভ্রাম্যমাণ প্রতিনিধি
ফোঁসফোঁস আওয়াজ করে বিষধর গোখরা সাপ ফনা তোলে, বাজনার তালে তালে নাচেন সাপুড়ে। ঝিনাইদহে এ খেলাকে বলা হয় ঝাঁপান খেলা।
ঝিনাইদহ সদর উপজেলার বাদামতলা বাজারে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাঁপান খেলা। রবিবার বিকালে বাদামতলা বাজারে এ খেলার আয়োজন করে বাজার কমিটি। দুপুরের পর থেকেই ঝাঁপান খেলা দেখতে বাজারে ভিড় করে নানা বয়সের মানুষ। দুপুরের পর থেকে শুরু হয় এ প্রতিযোগিতা। ছয়টি সাপুড়ে দলের অর্ধশতাধিক সাপের মধ্যে নিজের সাপকে সেরা প্রমাণ করতে প্রতিটি সাপ প্রদর্শন করেন সাপুড়েরা। বাদ্যের তালে তালে সাপুড়ে নাচতে থাকেন। আর সঙ্গে ফনা তুলে দল বেঁধে সাপও দুলতে থাকে।
ঝিনাইদহ শহর থেকে আসা গৃহবধূ নীলা আশিকী বলেন, জীবনের প্রথম ঝাঁপান খেলা দেখছি। খুব ভালো লেগেছে। অপর এক গৃহবধূ সাদিয়া আফরিন বলেন, আমি শহরে থাকি। ঝাপান খেলার কথা শুনে বাচ্চাদের নিয়ে এসেছি। আমিও দেখছি ওরাও উপভোগ করছে। সাপ সম্পর্কে ওদের ধারণা হচ্ছে।
শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামের লিটন সাপুড়ে বলেন, মূলত আমাদের পেশা এটা না। আমরা মানুষকে আনন্দ দেই। আর খেলা করে আনন্দ পাই। এজন্যই দেশের বিভিন্ন স্থানে গিয়ে ঝাপান খেলা করি।
আয়োজক বাদামতলা বাজার কমিটির সভাপতি ইউপি সদস্য শওকত আলী বলেন, চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী এ খেলা দিন দিন হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া এই ঐতিহ্য ধরে রাখতে আর এলাকার মানুষকে একটু আনন্দ দিতেই এ আয়োজন। প্রতিযোগিতায় প্রথম হয় শৈলকুপা উপজেলার ভাটই এলাকার সোহেল সাপুড়ের সাপ।