আমন ধানে পচন ও পোকার আক্রমণে দিশাহারা কৃষক

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা

গোদাগাড়ীতে আমন ধানে খোল পচা ও বাদামি ফড়িং (ফুদকি) পোকার আক্রমণে দিশাহারা হয়ে পড়েছেন কৃষক। এতে করে আমন ধানের ফলন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গোদাগাড়ী পৌর এলাকার শ্রীকৃষ্ণপুরের কৃষক আজাহার উদ্দীন ১০ বিঘা জমিতে আমন চাষ করেছেন। এর মধ্যে আট বিঘা জমিতে রোপণ ব্রি ৫১ ধানে বাদামি ফড়িং পোকা আক্রমণ করেছে। কীটনাশক ব্যবহার করে পোকা দমন হচ্ছে না বলে জানান তিনি।

উপজেলার আইহাই রাহীর কৃষক এনামুল বলেন, ধানগাছের গোড়া পচনে লালচে হয়ে চারা নষ্ট হচ্ছে। এছাড়াও ধানগাছের বিভিন্ন অংশে বাদামি ফড়িং পোকার আক্রমণের কারণে গাছের চারার রস কমে শুকিয়ে যাচ্ছে। এসব আমন ধানের গাছে বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার ও কীটনাশক স্প্রে করেও লাভ না হওয়ায় কৃষকরা দিশাহারা হয়ে পড়েছেন।

গোদাগাড়ী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, পোকা দমনে কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ ও সহযোগিতা করছে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা।