সংবাদ সংক্ষেপ

সখিপুর থানা আওয়ামী লীগের সম্মেলন আজ

শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। বিকাল ৩টায় স্থানীয় সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের আয়োজন করেছে থানা আওয়ামী লীগ। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। বিশেষ অতিথি থাকবেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

ইঁদুর নিধন অভিযান উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়া উপজেলায় জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষ্যে বুধবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান।

ভেড়ামারায় ১৩ পরিবারকে ঘর হস্তান্তর

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা উপজেলার ১৩টি পরিবারকে গতকাল বুধবার ১৩টি ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ‘জমি আছে-ঘর নাই’ প্রকল্পের ১৩টি ঘর হস্তান্তর করা হয়।

দলিত, হরিজন ও বেদে শিক্ষার্থীদের উপবৃত্তির চেক প্রদান

স্টাফ রিপোর্টার, রাজশাহী রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকার দলিত, হরিজন ও বেদে শিক্ষার্থীদের উপবৃত্তির চেক প্রদান করা হয়েছে। গতকাল বুধবার নগর ভবনের সিটি হলরুমে রাজশাহী শহর সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে রাসিকের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ৭৫ শিক্ষার্থীর হাতে উপবৃত্তির চেক তুলে দেন। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাওগাতুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল মেয়র-২ রজব আলী, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

নাটোরে কারাবন্দিদের মাদকবিরোধী শপথ গ্রহণ

নাটোর প্রতিনিধি নাটোর জেলা কারাগারের ৯০০ কারাবন্দি মাদকবিরোধী শপথ নিয়েছে। বুধবার কারাগারে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে তাদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। জেলা কারাগারে বন্দিদের মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

মেলান্দহে জালে ধরা পড়ল ৩৮ কেজির বাগাড়

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা  মেলান্দহ বাজারে বুধবার দুপুরে ৩৮ কেজি ওজনের বাগাড় মাছ বিক্রি হতে দেখে হাটুরেদের ভিড় জমে। মাছটি যমুনা নদীতে জেলেদের হাতে ধরা পড়ার পর দেওয়ানগঞ্জের ফুটানি বাজারে বিক্রির জন্য তোলা হয়। মেলান্দহ বাজারের মত্স্য ব্যবসায়ী চান মিয়া জানান, ১০-১২ জন জেলে  যমুনা নদীতে জাল ফেললে ৩৮ কেজি ওজনের বাগাড় মাছটি ধরা পড়ে। সকাল ১০টার দিকে ফুটানি বাজার থেকে মাছটি কিনেছি। কত টাকায় মাছটি কেনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন—এটি আমার ব্যবসায়ীর গোপন বিষয়। তবে খোলা বাজারে প্রতি কেজি ৭০০ টাকা হিসেবে বিক্রি করছেন।

হোমনায় ইঁদুর নিধন কার্যক্রমের উদ্বোধন

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনায় বুধবার জাতীয় ইঁদুর নিধন কার্যক্রমের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা সদরে একটি র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও তাপ্তি চাকমা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম।

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

গোসাইরহাট (শরীয়তপুর) সংবাদদাতা উপজেলা পরিষদ হলরুমে বুধবার পরিষদের মাসিক সাধারণ সভা ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইন এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী। উভয় সভায় আলোচনায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহম্মদ কামরুজ্জামান প্রমুখ।

শিক্ষকদের অংশগ্রহণে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা ফিজিক্যাল একটিভিটি, হেল্থ ডায়েট এ্যান্ড লাইভ স্টাইল বিষয়ক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের অংশগ্রহণে এক দিনের কর্মশালা বুধবার বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম কবীর হাসান। ৫০ জন অংশগ্রহণকারীর মধ্যে আলোচনা করেন শিক্ষক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম, আরএমও ডা. লুত্ফুল আজিজ, মেডিক্যাল অফিসার ডা. সামস ই সোনিয়া প্রমুখ।

উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা

বরিশাল অফিস বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের আয়োজনে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে এই প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

এমপিওভুক্তির দাবিতে মানব বন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে মধ্যকুমরপুর স্কুল এ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক স্তরে এমপিওভুক্ত না হওয়ায় পুনর্বিবেচনার জন্য মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা। বুধবার কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।

চাটমোহরে বিজয় ফুল তৈরির প্রতিযোগিতা

চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহরে উপজেলা পর্যায়ে ‘বিজয় ফুল’ তৈরিসহ গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, চলচ্চিত্র নির্মাণ এবং দলগত দেশাত্মবোধক গান ও জাতীয় সংগীত প্রতিযোগিতা হয়। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার। এসময় মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মগরেব আলী, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচএম মোস্তাফিজুর রহমান। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিষ্টার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর।

 

 

০