দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ২০ লাখ টাকা জরিমানা

এলএলবিতে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি

ইত্তেফাক রিপোর্ট

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অমান্য করায় দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে জরিমানা করেছে আপিল বিভাগ। আদেশপ্রাপ্তির দুই সপ্তাহের মধ্যে স্টামফোর্ড ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে বারডেম হাসপাতালের লিভার ট্রান্সপ্ল্যান্ট ইউনিটে ঐ অর্থ জমা দিতে বলা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ গতকাল বুধবার এই আদেশ দেন।

২০১৪ সালের ২৩ এপ্রিল ইউজিসি একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়, সব বেসরকারি বিশ্ববিদ্যালয় এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। কিন্তু এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করে ঐ দুটি বিশ্ববিদ্যালয়। ফলে অতিরিক্ত শিক্ষার্থীদের আইনজীবী অন্তর্ভুক্তি পরীক্ষায় অংশ নিতে রেজিস্ট্রেশন কার্ড দেয়নি বার কাউন্সিল। পরে ভুক্তভোগী শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করেন।

আদালত রেজিস্ট্রেশন কার্ড দেওয়া এবং ফরম পূরণের অনুমতি দেয়। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে বার কাউন্সিল। শুনানি শেষে বিশ্ববিদ্যালয় দুটিকে ২০ লাখ টাকা জরিমানা করে হাইকোর্টের আদেশ বহাল রাখে আপিল বিভাগ।