পেশাজীবীদের স্বার্থ রক্ষায় পেশাভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে :জি এম কাদের

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দেশের বিভিন্ন পেশার মানুষের নানাবিধ সমস্যা রয়েছে। তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য পেশাভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তিনি গতকাল বুধবার তার বনানী কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় তাঁতি পার্টির প্রতিনিধি সভায় এ কথা বলেন। জি এম কাদের বলেন, বাংলাদেশে তাঁত শিল্পের এখনো অনেক সম্ভাবনা আছে। আধুনিক বিশ্বে বস্ত্র শিল্পের যথেষ্ট উন্নতি হলেও তাঁত বস্ত্রের সমাদর এখনো কমে যায়নি। বাংলাদেশের তাঁত শিল্পের রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য। ঢাকার মসলিনের কথা জগত্ বিখ্যাত। তাঁতি পার্টির আহ্বায়ক শাহজাহান সরদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায় প্রমুখ।

মার্কিন কূটনীতিকের সাক্ষাত্

ঢাকাস্থ মার্কিন দূতাবাসে কর্মরত কাউন্সিলর ব্রান্ট টি ক্রিস্টানসেন গতকাল জি এম কাদেরের সঙ্গে তার বনানী কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন।