সাদেক হোসেন খোকার জীবন সংকটাপন্ন

নিউ ইয়র্কের ম্যান-হাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিত্সাধীন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার অবস্থা সংকটাপন্ন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কিডনির ক্যানসারে আক্রান্ত সাদেক হোসেন খোকা হাসপাতালে মুমূর্ষু অবস্থায় আছেন। যুক্তরাষ্ট্র থেকে খোকার ছেলে বিএনপির বৈদেশিকবিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন জানান, ‘গুরুতর অসুস্থ অবস্থায় গত ১৮ অক্টোবর আব্বাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার থেকে আব্বার শারীরিক অবস্থার অনেক অবনতি হয়েছে। সকলের কাছে দোয়া চাই।’ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, সাদেক হোসেন খোকা হাসপাতালে যাওয়ার আগে টেলিফোন আলাপে দেশে ফেরার আকুতি জানিয়েছেন। তিনি দেশে ফিরতে চান। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খোকার প্রতি ভালোবাসা জানিয়ে ফেসবুকে আবেগঘন           চিঠি লিখেছেন—‘ফিরে এসো খোকা। আমি অপেক্ষা করছি।’ ক্যানসারের চিকিত্সার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে নিউ ইয়র্ক চলে যান খোকা। তারপর থেকে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী নিউ ইয়র্ক সিটির কুইন্সে একটি বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন তিনি। খোকার পাশে থাকা তার সহকারী সিদ্দিকুর রহমান মান্না জানান, প্রায় তিন সপ্তাহ আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে ভর্তি করা হয় খোকাকে। সোমবার স্বাস্থ্যের আরো অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সূত্র জানায়, লাগাতার ওষুধ সেবনের ফলে খোকার মুখে ঘা হয়ে গেছে। তিনি খাবার খেতে পারছিলেন না বিধায় ঐ হাসপাতালে ভর্তির পর গত ২৭ অক্টোবর তার ফুসফুসে একটি ছোটো অস্ত্রোপচার করা হয়। এদিকে বিএনপি ও খোকার পরিবারের পক্ষ থেকে সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে আবেদন জানান হয়েছে। কাল শুক্রবার বাদ আসর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে খোকার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপির উদ্যোগে নিউ ইয়র্কের জ্যামাইকা মসজিদে দোয়া হবে। আজ বাদ জোহর ১২.৪৫ মিনিটে হোয়াইট চ্যাপেলের ইস্ট লন্ডন মসজিদে দোয়া হবে। ফ্লোরিডা বিএনপির সমন্বয় কমিটির প্রধান মোহাম্মদ দিনাজ খান জানান, সেখানে মসজিদে দোয়া হবে।