স্বামীকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার

রামগতিতে এক গৃহবধূ স্বামীকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার চর নেয়ামত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চর নেয়ামত এলাকার আবদুল হালিমের ছেলে মো. বেলাল, মো. কাঞ্চনের ছেলে মো. আলাউদ্দিন ও চর কলাকোপা কোডেক কলোনি এলাকার এনাম হোসেনের ছেলে মো. বেলালকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় পাঁচ জনকে আসামি করে ঐ গৃহবধূ গতকাল বুধবার বিকালে রামগতি থানায় একটি মামলা করেন।

মামলার অপর অভিযুক্তরা হলেন—চর নেয়ামত এলাকার নূর মোহাম্মদের ছেলে মো. সামছু (৪০) ও একই এলাকার আবদুল মান্নানের ছেলে আবদুস সহিদ হেজু। পুলিশ ও গৃহবধূ জানান, তিনি তার স্বামীর সঙ্গে চট্টগ্রাম এলাকায় বসবাস করেন। দুই বছর আগে তাদের বিয়ে হয়। পারিবারিক ঝগড়া-বিবাদের কারণে চার-পাঁচ মাস আগে তার স্বামী বাসা থেকে চলে যান। মো. দিদার নামে পূর্ব পরিচিত এক লোকের মাধ্যমে জানতে পারেন তার স্বামী রামগতিতে ফার্নিসারের দোকানে কাজ করেন। এ খবর পেয়ে গৃহবধূ মঙ্গলবার রাতে উপজেলার হাজিগঞ্জ বাজারে গেলে দিদারের ভাই অভিযুক্ত সামছু তাকে বেলালের রিকসায় করে ঘটনাস্থলে আযুব আলী নামে এক জনের ঘরে নিয়ে যায়। সেখানে অভিযুক্তরা পালাক্রমে তাকে ধর্ষণ করে। পরে গৃহবধূর চিত্কারে লোকজন এসে তিনজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়।