ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে আজহারের আপিলের রায় আজ

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের ওপর আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করা হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চের দৈনন্দিন কার্যতালিকার এক নম্বর ক্রমিকে মামলাটি রাখা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালে আজহারকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে গত ১০ জুলাই আপিল বিভাগ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। প্রায় চার মাস পর মামলাটি রায় ঘোষণার জন্য কার্যতালিকায় আনা হলো বলে জানিয়েছেন আইনজীবীরা।