শুল্ক ফাঁকির মামলায় দণ্ডিত বিএনপির এমপি হারুন-অর রশিদ মুক্তি পাচ্ছেন। তাকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বুধবার এই আদেশ দেন। আদালতে হারুনের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন। গত ২১ অক্টোবর শুল্ক ফাঁকির মামলায় এমপি হারুন-অর রশিদকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত। একই সঙ্গে তাকে পঞ্চাশ লাখ টাকা জরিমানার পাশাপাশি অনাদায়ে আরো ছয় মাসের দণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন হারুন। আপিলে তিনি জামিন চান। বিচারপতি মো. শওকত হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করে হারুনকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক। গতকাল ঐ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে জামিন বহাল রাখায় এমপি হারুনের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।