জুয়াড়ির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরও দুই বছর নিষিদ্ধ হওয়া বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের পাশে রয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। গতকাল বুধবার ১৪ দলের শীর্ষ নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, বিশ্বসেরা, দেশের গৌরব সাকিব আল হাসান দুই বছর নিষিদ্ধ হওয়ায় ১৪ দল দুঃখ পেয়েছে। তার পাশে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৪ দলের নেতৃবৃন্দসহ দেশবাসী। সাকিবের উদ্দেশ্যে ১৪ দলের নেতৃবৃন্দ বলেন, তুমি সাহস করে এগিয়ে যাও। দেশবাসী তোমার সঙ্গে আছে। সাকিব আবার বীরবেশে ফিরে আসবে বলে ১৪ দলের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
১৪ দলের যৌথ বিবৃতিতে স্বাক্ষর প্রদানকারী নেতারা হলেন:আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার প্রমুখ।
প্রসঙ্গত, মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আইসিসি জানিয়ে দিল জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পেয়েও তাদের দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) না জানানোয় দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে। এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে। আর এই এক বছরে নতুন কোনো অপরাধ না করলে বাকি এক বছর নিষেধাজ্ঞা থাকবে।
বিএনপি আমলের নৃশংসতা ও দানবের
কথা এখনো মানুষ ভোলেনি
সিরাজগঞ্জ প্রতিনিধি:আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপির আমলেই মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিএনপি আমলের নৃশংসতা ও দানবের কর্মকাণ্ডের কথা এখনো মানুষ ভোলেনি। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ওপর ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আইভী রহমানসহ ২৪ জনকে নৃশংসভাবে হত্যার ঘটনার কথা মনে হলে এখনো গা শিউরে ওঠে। বুধবার বিকালে ঢাকা থেকে সিরাজগঞ্জে আসার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় স্থাপিত জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম আরো বলেন, তারা ক্ষমতায় থেকে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা হত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যাকাণ্ডের মামলার কোনো বিচার তো করেইনি বরং হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। পুরস্কৃত করেছে। তাদের মুখে বর্তমান সরকারকে দানব বলা শোভা পায় না।
বর্তমান সরকারকে দানব সরকার উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তার প্রতিক্রিয়ায় মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
পরে মোহাম্মদ নাসিম মুলিবাড়িতে নির্মাণাধীন শেখ হাসিনা ট্রমা হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ-আল- ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।