বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুত্ খাতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন সফররত কাতারি জ্বালানি প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবি। গতকাল বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত্কালে তিনি এ আগ্রহের কথা জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।
গত এক দশকে বাংলাদেশের দ্রুত উন্নয়নের বিষয়ে উল্লেখ করে সাদ শেরিদা আল-কাবি বলেন, ‘আপনাদের যত উন্নতি তত বেশি শক্তি দরকার।’ কাতারের প্রতিমন্ত্রী বলেন, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের আগে তারা আরো বিদ্যুত্ উত্পাদনের উদ্যোগ নিয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে কাতারের সমর্থন অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ আল-দেহাইমি এ সময় উপস্থিত ছিলেন।