মা-ইলিশ রক্ষায় নৌ-পুলিশের অভিযান

১২ কোটি মিটার কারেন্ট জাল, ৩৫ হাজার কেজি মা-ইলিশ জব্দ

মা-ইলিশ রক্ষার অভিযানে গত ২২ দিনে নৌ-পুলিশ প্রায় সাড়ে ১২ কোটি মিটার কারেন্ট জাল ও ৩৫ হাজার কেজি মা-ইলিশ জব্দ করেছে। জব্দ করা মা-ইলিশ এতিমখানায় সরবরাহ করা হয়েছে। গতকাল এ ব্যাপারে নৌ-পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম বলেন, সরকার কর্তৃক ঘোষিত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৯’ কে কেন্দ্র করে মা-ইলিশ ধরা বন্ধ ছিল। এই ২২ দিনে যারা নদীতে জাল ফেলে ইলিশ মাছ ধরেছে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হয়েছে। এ সময় মা-ইলিশ ২০ লাখ থেকে ২২ লাখ ডিম ছাড়ে। যদি অর্ধেক ডিমও পরিপূর্ণ মাছ হয় তাহলে ১০ থেকে ২২ লাখ ইলিশ মাছ পাওয়া যাবে।

মা-ইলিশ ধরার অভিযোগে ১ হাজার ৮৫১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ৬২১ জনকে ৩২ লাখ টাকা জরিমানা, ১৪৮ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা, ৩২৬টি নৌকা ডুবিয়ে দেওয়া, ৭৪টি নৌকা থানা হেফাজতে, ২৮টি নৌকা মাঝ নদীতে ডুবিয়ে দেওয়া, সাতটি ট্রলার নদীতে ডুবিয়ে দেওয়া, পাঁচটি স্পিডবোট মত্স্য কর্মকর্তা ও একটি স্পিডবোট ঘাট সুপারভাইজারের হেফাজতে দেওয়া হয়। এছাড়া ৮৪ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়।