যশোরের চৌগাছায় ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আতাউর রহমান লাল, চৌগাছা পৌরসভার প্যানেল মেয়র ও চৌগাছা মোটরযান শ্রমিক সংস্থার সভাপতি সাইদুল ইসলাম এবং ধুলিয়ানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজিবর রহমান।
আরো পড়ুন: আওয়ামী লীগ বুঝে গেছে পরাজয় হবে: বগুড়ায় ফখরুল
বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতাদের নিন্দা জানিয়ে যশোর-২ আসনের ধানের শীষের প্রার্থী মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদৎ হুসাইন বলেন, ধানের শীষের জোয়ার দেখে সরকার ভয় পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে একের পর এক বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করছে। এভাবে আটক করে পার পাওয়া যাবে না। ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আকিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা নাশকতা মামলার আসামি। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/বিএএফ