আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী, রাজীবপুর) আসনে প্রার্থী হয়েছেন ১৪ জন। এরমধ্যে আওয়ামী লীগ প্রার্থী সাবেক এমপি জাকির হোসেন, বিএনপির মো. আজিজুর রহমান, জাতীয় পার্টির সাবেক সচিব ও রাষ্ট্রদূত মেজর (অব:) আশরাফ-উদ-দৌলা ও স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মো. গোলাম হাবিব দুলালের মধ্যে চতুর্মুখী ভোটের লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন এলাকাবাসীরা।
কুড়িগ্রাম-৪ আসনের ভোট সংখ্যা- ৯২ হাজার ৬শত ৮৬, ব্রহ্মপুত্র নদের পূর্বে রৌমারী উপজেলা ভোটার সংখ্যা ১লক্ষ ৪২ হাজার ৩শত ৪৫ ও রাজীবপুর উপজেলায় ভোটার সংখ্যা ৫৩ হাজার ৯শত ৭১। নদের পূর্বে ভোটার সংখ্যা বেশি এবং জাকির হোসেন রৌমারী উপজেলার বাসিন্দা হওয়ায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
আওয়ামী লীগ প্রার্থী জাকির হোসেন জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবারো নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
অপরদিকে বিএনপি প্রার্থী আজিজুর রহমান রৌমারী উপজেলার বাসিন্দা হওয়ায় আঞ্চলিকতার দিক থেকে তিনিও সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
তিনি জানান, দেশের জনগণ সরকারের পরিবর্তন চায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ব্যাপক ভোট দিয়ে বিজয়ী করবেন।
আরো পড়ুন: কলারোয়ায় বিএনপির প্রচারণায় হামলা, প্রার্থীসহ আহত ৭
এদিকে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী আশরাফ-উদ-দৌলাও সুবিধাজনক অবস্থানে রয়েছেন। দীর্ঘদিন এ আসনটি জাতীয় পার্টির দখলে থাকায় লাঙ্গল প্রেমী জনসাধারণের ব্যাপক সমর্থন রয়েছে।
স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গোলাম হাবিব দুলাল ৮ম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হয়ে এলাকার জনগণের মাঝে নিজেকে জনপ্রিয় করে তুলতে পেরেছেন। ফলে এ আসনে ভোটের মূল লড়াই হবে চতুর্মুখী।
এ আসনে অন্য প্রার্থীরা হলেন- জেপি সমর্থিত বর্তমান এমপি রুহুল আমিন, জাতীয় পার্টির সমর্থিত সাবেক সচিব ও রাষ্ট্রদূত মেজর (অব:) আশরাফ-উদ-দৌলা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত প্রার্থী আনছার আলী, বাসদ সমর্থিত প্রার্থী আবুল বাশার মঞ্জু, গণতন্ত্রী পার্টি সমর্থিত আব্দুস ছালাম কালাম, বিপ্লবী ওয়ারর্কাস পাটির সমর্থিত মহি উদ্দিন আহমেদ, গণফোরাম সমর্থিত মাহফুজার রহমান, জাকের পার্টির সমর্থিত শাহ আলম, স্বতন্ত্র প্রার্থী ইউনুস আলী, ঈমান আলী ও গণজাগরণ মঞ্চের প্রধান মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
ইত্তেফাক/বিএএফ