গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল চলাকালে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং পাঁচটি দোকান ভাঙচুর করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে মশিউর রহমান (৪২), মিকাইল ইসলাম (৫২) ও জায়েদ শেখকে (৩৬) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মিকাইল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় হিরণ ইউনিয়ন পর্যায়ের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমানের সঙ্গে অপর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ১০ জন আহত হন এবং পাঁচটি দোকানে ভাঙচুর চালানো হয়।
ঘটনার বিষয়ে যুবলীগ নেতা মশিউর রহমান অভিযোগ করে বলেন, ‘মিছিল নিয়ে আমরা দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে শফিকুল ইসলাম লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আমিসহ কয়েকজন আহত হই।’ শফিকুলের ভাই মুন্সী রইচ উদ্দিন জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত বলেও তিনি দাবি করেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছেন শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমার বড় ভাই বিদেশে থাকেন। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। আমি দীর্ঘদিন ধরে ছাত্রলীগ করে আসছি। আমার ভাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। সে বিরোধ থেকে আমার ওপর আগে হামলা হয়। হামলায় আমিসহ কয়েকজন আহত হয়েছি। এ ছাড়াও আমাদের পাঁচটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের বিষয়টি পুলিশ জেনেছে, তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, একই দিন সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকায়ও সমাবেশে দাঁড়ানোকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হন এবং ১০টি দোকান ভাঙচুর করা হয়।
