গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোট কেন্দ্রে যাবেন: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-২ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের শক্তির চেয়ে বড় কোন শক্তি নাই, আপনার অধিকার আপনাকে রক্ষা করতে হবে। মনে রাখবেন জনগণের চেয়ে সন্ত্রাসী বড় নয়, তাই গণতন্ত্র পুর্ণপ্রতিষ্ঠায় ও লুটপাটের এ সরকারকে উৎখাত করতে ভোট কেন্দ্রে যাবেন। ধানের শীর্ষে ভোট দিবেন। ২৯ ডিসেম্বর রাত থেকে ৩০ ডিসেম্বর ভোটগণনা পর্যন্ত কেন্দ্র পাহারা দিবেন। আমি কথা দিচ্ছি, আপনারা একদিন ভোট কেন্দ্র পাহারা দিবেন আমি আগামী ৫ বছর আপনাদের পাহারা দিবো। 

শুক্রবার বিকালে মজিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কুমিল্লা-২ আসনের বিএনপির খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন, আমার হাত দিয়ে গড়া তিতাস উপজেলা। রাস্তা-ঘাটের চেহারা দেখলে প্রশ্ন জাগে কি উন্নয়ন করেছে সরকার? শুধু লুটপাটের রাজত্ব কায়েম করেছে। ব্যাংক থেকে শুরু করে পাথর পর্যন্ত রেহাই পায়নি। এই লুটপাট থেকে দেশের সম্পদ বাঁচাতে, এ সরকারের নির্যাতন থেকে বাঁচতে হলে আর ঘরে বসে থাকা যাবে না। মা-বোনদের নিয়ে ভোটের মাধ্যমে তার দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।  

মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন বেপারীর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন সরকার প্রমূখ।

ইত্তেফাক/কেআই