বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যারা বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে সেই আল-বদর, রাজাকারের দোসরদের সাথে হাত মিলিয়ে চরম আদর্শহীনতার পরিচয় দিয়েছেন বিএনপি-জামায়াতের ভাড়াটিয়া নেতা ড. কামাল হোসেন। বিস্ময়কর উন্নয়নের রোল মডেল শেখ হাসিনাকে যারা বার বার হত্যা চেষ্টা করে, তাদের সাথে হাত মিলিয়েছে ড. কামাল। তার কোন আদর্শ নেই। তাই এসব আদর্শহীন লোকদের ভোট দেবেন না।
শুক্রবার বিকেলে ভোলা-১ (সদর আসন) এর রাজাপুর ইউনিয়নের জনতা বাজার এলাকায় ওবায়দুল হক বাবুল মোল্লা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
তোফায়েল বলেন, দেশের সেই জামায়াত এখন বিএনপির সাথে। বিএনপি’র প্রতীক ধানের শীষ, জামায়াতেরও ধানের শীষ। তাদের সাথে যোগ দিয়েছেন ড. কামাল। যাকে বঙ্গবন্ধু পররাষ্ট্র মন্ত্রী বানিয়েছিলেন। তিনি একজন নিতিহীন মানুষ।
মন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে অনেক অত্যাচার-নির্যাতন করেছে মানুষের উপর। বহু নেতা-কর্মী বাড়ি-ঘরে থাকতে পারেনি। এখন বিএনপি প্রার্থীরা এলাকায় ভোট চাইতে আসলে মানুষ প্রস্তুত প্রশ্ন করার জন্য, কেন তাদের নির্যাতন করা হয়েছে। তারা এখন এই ভয়ে আছে।
প্রবীন এই নেতা আরো বলেন, আমি শুধু দলের নয়, সকলের ভোট চাই। আওয়ামী লীগ সরকার যদি নদী ভাঙ্গন বন্ধ করতে পারে, ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারে, রাস্তা-ঘাট, পুল-কালভার্টসহ গ্রামীন অবকাঠামো উন্নয়ন করতে পারে। তাহলে নৌকায় ভোট দিবেন।
মন্ত্রী বলেন, এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে অনেক শান্তিপূর্ণ পরিবেশে। কোনো জবরদস্তি হবে না। নির্বাচন কমিশন অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের দ্বায়িত্ব পালন করে চলেছে। সবাইকে সকাল সকাল দল বেঁধে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি।
ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, আওয়ামী লীগ নেতা রেজাউল হক মিঠু বক্তব্য রাখেন।
ইত্তেফাক/কেআই