স্পোর্টস রিপোর্টার
ওয়ানডে সিরিজ শেষে বেজে গেল টি-টোয়েন্টির ঘণ্টা। বাংলাদেশ সফরের শেষ প্রান্তে টাইগারদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের ক্ষুদে সংস্করণে খেলতে ইতোমধ্যে ওয়ানডে দলের বাইরে আরও সাত ক্যারিবিয়ান ক্রিকেটার এসেছেন বাংলাদেশে। গতকাল বিসিবি ঘোষণা করেছে টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল। ১৪ সদস্যের দলে অধিনায়ক সাকিব আল হাসান।
দলে তেমন কোনো চমক নেই। অনেকটা ওয়ানডে সিরিজের দলটাই থাকছে টি- টোয়েন্টি ফরম্যাটে। এই ফরম্যাট থেকে অবসর নেওয়া ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা স্বাভাবিকভাবেই নেই দলে এবং শেষ দুই ম্যাচে রান না পাওয়া ইমরুল কায়েসের ঠাঁই হয়নি টি-টোয়েন্টি দলে।
তবে দলে পরিবর্তন এসেছে তিনটি। গত আগস্টে ক্যারিবিয়ানে, ফ্লোরিডায় টি-টোয়েন্টি সিরিজ খেলছিল। উইন্ডিজদের বিরুদ্ধে সিরিজটাও জিতেছিল ২-১ ব্যবধানে। সেই সিরিজের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও আবু জায়েদ রাহী। দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও অলরাউন্ডার সাইফউদ্দিন।
শৃঙ্খলা ভঙ্গের কারণে গত সেপ্টেম্বরে সাব্বিরকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছিল বিসিবি। তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আগামী ফেব্রুয়ারিতে। তাই সাব্বিরকে স্বাভাবিকভাবেই বিবেচনা করা হয়নি। গত আগস্টের ক্যারিবিয়ান সফরে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন মোসাদ্দেক, রাহী।
মিঠুন-সাইফউদ্দিন বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন। এই সংস্করণে বলার কিছু করা ছাড়াই আবার দলে ফিরলেন তারা। ওয়ানডে দলে নিয়মিত হওয়ার কারণেই এবার সুযোগ পেয়েছেন দুজনই।
শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসা সাত ক্যারিবিয়ান ক্রিকেটার হলেন কেসরিক উইলিয়ামস, খারি পেইরি, এভিন লুইস, নিকোলাস পুরান, দিনেশ রামদিন, শেরফেন রাদারফোর্ড ও শেলডন কোটরেল।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে সিলেটেই। ১৭ ডিসেম্বর চায়ের দেশে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ২০ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। সিলেটের ম্যাচটি দুপুর ২টায় এবং মিরপুরের ম্যাচগুলো বিকেল ৫টায় শুরু হবে।