ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মালিঙ্গা

বছরের শুরুতেও জাতীয় দলে ব্রাত্য হয়েছিলেন লাসিথ মালিঙ্গা। ফিটনেসসহ অনেক বিতর্ক ছাপিয়ে গত সেপ্টেম্বরে এশিয়া কাপ দিয়েই ওয়ানডে দলে ফিরেছিলেন ৩৫ বছর বয়সী এই পেসার। গতকাল সেই মালিঙ্গাকেই নিউজিল্যান্ড সফরে শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। উইকেটকিপার নিরোসন ডিকওয়েলাকে করা হয়েছে মালিঙ্গার ডেপুটি। সর্বশেষ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে দিনেশ চান্দিমাল, টি-টোয়েন্টিতে থিসারা পেরেরা নেতৃত্ব দিয়েছিলেন শ্রীলঙ্কাকে। নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে লঙ্কানরা। এদিকে আজ শুরু হচ্ছে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। ওয়েলিংটনে আজ শুরু হবে প্রথম টেস্ট। বাংলাদেশ সময় শুক্রবার ভোর চারটায় শুরু হবে ম্যাচটি।