স্পোর্টস রিপোর্টার
সানরাইজ ইউনেক্স বাংলাদেশ চ্যালেঞ্জ ব্যাডমিন্টনে নারী দ্বৈতের সেমিফাইনালে উঠে বাংলাদেশের শাটলাররা ব্যাডমিন্টনে আলো ফেলেছিলেন। কিন্তু যারা ব্যাডমিন্টনের খবর রাখেন তারা জানেন মালয়েশিয়ার মত দলের বিপক্ষে স্বাগতিক শাটলারা পেরে উঠবেন না।
বাংলাদেশ হারবে সেটা আগেই জানা ছিল। এলিনা শাপলা জুটি মালয়েশিয়ার বিবিয়ান হু ও ইয়াপ চেং ওয়েন জুটির কাছে খুব সহজেই হার মানতে বাধ্য হয়েছেন। এই জুটি ২১-৩ ও ২১-৭ পয়েন্টে হার মেনেছেন।
উডেন ফ্লোর জিমনেসিয়ামে অনুষ্ঠিত মালয়েশিয়া ও বাংলাদেশের লড়াইটি দেখার জন্য কাল ছুটির দিনে অনেক দর্শকও উপস্থিত হয়েছিলেন। মালয়েশিয়ান লোকজনও ছিলেন গ্যালারিতে। কিন্তু তারা জানতেন না এতো সহজেই খেলাটায় মালয়েশিয়রা জিতে যাবেন।
এ ব্যাপারে রাখ ঢাক না করে শাপলা বলেন, ‘মালয়েশিয়া অনেক শক্তিশালী দল। তারা জাতীয় দলের খেলোয়াড়। আমরা জাতীয় দলে খেললেও আমাদের অনুশীলন হয়টা কোথায়। মালয়েশিয়ার জাতীয় দলের খেলোয়াড় মানে ওদের আর আমাদের পার্থক্য অনেক।’
শাপলা আক্তারও তার আক্ষেপের কথাই বলে গেলেন। ম্যাচটা হেরে বিচলিত হননি। খুব সহজেই হারবেন এটা হয়ত ভাবেননি। তবে শুধু এলিনা ও শাপলাই নয়, মালয়েশিয়ার খেলোয়াড়দের ফিটনেস দেখে অবাক হয়েছেন মাঠে থাকা অন্য খেলোয়াড়রা।