বিবিসি
উড়োজাহাজে পাশের আসনে বসা এক নারীকে যৌন নিপীড়নের দায়ে এক ভারতীয়কে নয় বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। বৃহস্পতিবার ডেট্রয়েটের ফেডারেল কোর্ট এ রায় দেয়। রায়ে সাজার মেয়াদ শেষ হওয়ার পর প্রভু রামামূর্তিকে (৩৪) ভারতে বিতাড়ন করার নির্দেশও দেওয়া হয়েছে।
ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রযুক্তিবিদ প্রভু ২০১৫ সালে এইচ-১বি ভিসায় যুক্তরাষ্ট্র যান। উচ্চদক্ষতা সম্পন্ন ব্যক্তিদের এইচ-১বি ভিসা দেয় যুক্তরাষ্ট্র। গত জানুয়ারিতে এক নারী প্রভুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। ওই নারীর অভিযোগ, উড়োজাহাজে তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় প্রভু তার শরীরে হাত দেয়। ঘুম থেকে উঠে তিনি নিজের শার্ট ও ট্রাউজারের বোতাম খোলা এবং প্রভুর হাত তার ট্রাউজারে দেখতে পান। পাশের আসনে প্রভুর স্ত্রীও ছিলেন। পাঁচদিনের শুনানি শেষে গত আগস্টে আদালত প্রভুকে দোষীসাব্যস্ত করে। যদিও প্রভু তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, তিনিও ওই সময় ঘুমিয়ে ছিলেন। স্প্রিট এয়ারলাইন্সের উড়োজাহাজটি অবতরণের আগে দিয়ে ওই নারী ক্রুদের কাছে যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেন।
০