ইত্তেফাক রিপোর্ট
ঢাকা-৬ আসনে মহাজোটের প্রার্থী ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ নির্বাচনী প্রচারণার চতুর্থদিনে গতকাল শুক্রবার নয়টি পথসভাসহ মিছিল করেছেন। স্থানীয় ও নগর আওয়ামী লীগ এবং জাপা নেতা-কর্মীরা এসময় তার সঙ্গে ছিলেন। দুপুরে ফরিদাবাদ মাদ্রাসায় জুমার নামাজে মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন। সেখান থেকে লোহারপুল, কাঠেরপুল, ধোলাইখাল, দয়াগঞ্জ, ইংলিশ রোড, তাঁতীবাজার, নবাবপুর রোড, সুরিটোলা, কাপ্তানবাজার, নবাবপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও নির্বাচনী প্রচার মিছিলে নেতৃত্ব দেন তিনি।
বিভিন্ন পথসভায় ফিরোজ রশীদ বলেন, গণতন্ত্র ও সংবিধান রক্ষার্থে যেমন ৫ জানুয়ারির নির্বাচন করতে হয়েছে, তেমনিভাবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশ থেকে জঙ্গিবাদ ও অপশক্তি নির্মূলের জন্য এবারের নির্বাচন। জনগণই এবার ভোটের মাধ্যমে তাদের প্রতিহত করবে।