সৈয়দপুরে জমে উঠেছে ফুটপাতের পুরনো শীতের কাপড়ের বাজার

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে শীতের আগমনে রেললাইনের পাশে জমে উঠেছে পুরনো শীতের কাপড়ের অস্থায়ী বাজার। ফুটপাত প্লাজা নামে পরিচিত রেললাইনের ধারে অবস্থিত এই অস্থায়ী বাজারের পাশ দিয়ে গেলেই এখন কানে ভেসে আসে বাইছা লন, মাইপা লন দাম শুধু ১০ টাকা ২০ টাকা। নিম্ন ও মধ্যবিত্তদের শীতের কাপড়ের চাহিদা মেটাতে প্রতিবছরের মতো অস্থায়ীভাবে এখানে বসেছে ২শতাধিক দোকান।

সৈয়দপুরে প্রতিবছর শীতের শুরুতেই খেটে খাওয়া মৌসুমী ব্যবসায়ীদের দখলে চলে যায় পুরাতন শীতবস্ত্রের এই বাজার। এবারও বসেছে। মূলত কম দামে শীতবস্ত্র পাওয়ার আশায় ক্রেতারা ভিড় করেন এখানে। পুরনো শীতবস্ত্রের বাজার জমে উঠলেও গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি।

সরেজমিনে গেলে শীতের কাপড় কিনতে আসা রানীবন্দরের জিয়ারুল জানান, কম দামে পাওয়ার আশায় এখানে আসা। তবে এ বছর দাম একটু বেশি হলেও বাজারের তুলনায় কমই আছে বলে বাচ্চাদের জন্য ১২০ টাকায় চারটি শীতের কাপড় কিনেছি। অপর ক্রেতা গোলাহাটের তাবাসসুম আখতার জানান, কম দামে ভালো মানের কাপড় পাওয়া যায় বলে এখান থেকে খরিদ করি। তবে গত বছরের তুলনায় এবার শীতের কাপড় প্রতি ৩০-১শ টাকা বেশি বলে জানান তিনি।

রেললাইনের পাশে বসা মৌসুমী বিক্রেতা কাসিম, নূরু, ইহসান, ইউসুফ, এরশাদ, নওশাদসহ আরো কয়েকজন জানান, আমরা সাধারণত সোয়েটার, ট্র্যাকসুট, বিভিন্ন ধরনের গরম জামা, মোজা, টুপি, বাচ্চাদের কাপড়, সোয়েটার, জ্যাকেট, প্যান্ট-কোট, চাদর, কম্বল, ট্রাউজারসহ বিভিন্ন ধরনের শীতের কাপড় বিক্রি করি। শীত আসলেই বাড়তি আয়ের আসায় এই ফুটপাতে বসা। এবার পুরাতন কাপড়ের বেলের দাম একটু বেশি বলে খুচরা বিক্রিতে ক্রেতাদেরও কিছুটা হলেও দাম বেশি গুণতে হচ্ছে। তবে সেটি অতি নগণ্য।