রংপুর অফিস
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসনে মহাজোটের প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী গত বুধবার দুপুর থেকে রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি শুক্রবার দিনভর পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।
বিভিন্ন গ্রামে পথসভায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে হিসেবে আজ ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করা হলো। স্পিকার বলেন, এ আসনে এমপি হিসেবে আমি প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ির এলাকা পীরগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশে এই উপজেলায় মেরিন একাডেমি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসহ ব্রিজ, রাস্তাঘাট উন্নয়ন করা হয়েছে। এখনো অনেক উন্নয়ন কাজ চলমান আছে। অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আবারো একবার নৌকা মার্কায় ভোট দেবার জন্য জনগণের প্রতি আহবান জানান।
এসময় স্পিকার ঝাড় বিশলা গ্রামে খ্যাতিমান কবি সাধক হায়াত মাহমুদের কবর জেয়ারত করেন। জনসংযোগকালে অসংখ্য নারী-পুরুষ তাকে স্বাগত জানান। প্রতিটি পথসভা যেন জনসভায় রূপ নেয়। এ সময় পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম অ্যাডভোকেট সাধারণ সম্পাদক পৌর মেয়র তানজিমুল ইসলাম শামীমসহ আওয়ামী লীগ ও মহাজোটের নেতা-কর্মীরা স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন।