সোনামসজিদে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে জখমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক লীগ নেতা ও শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি সাদেকুর রহমান মাস্টারকে হত্যার উদ্দেশ্যে গুপ্ত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকায় সোনামসজিদ স্থলবন্দর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ-১ নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মনাকষা ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন খুররম, সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ আহসান, শিবগঞ্জ পৌর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম রনিসহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বক্তারা- শ্রমিক লীগ নেতা সাদেকুর রহমান মাস্টারকে হত্যার উদ্দেশ্যে গুপ্ত হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির নিজস্ব কার্যালয়ের পাশে টয়লেটের রুম থেকে বের হওয়ার সময় একদল মুখোশধারী দুর্বৃত্তরা সাদেকুর রহমানকে ছুরি দিয়ে পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নির্বাচনের আগে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক অবস্থা বিরাজ করছে।