চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজীবপুর) আসনে ভোটের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন ১৪ প্রার্থী। তবে মূল লড়াই হবে ত্রিমুখী। এই আসনে মহাজোটের প্রধান শরিক দল আওয়ামী লীগ প্রার্থী সাবেক এমপি জাকির হোসেন, ঐক্যফ্রন্টের প্রধান শরিক দল বিএনপি’র মো. আজিজুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মো. গোলাম হাবিব দুলালের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
আওয়ামী লীগ প্রার্থী সাবেক এমপি জাকির হোসেন জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
বিএনপি প্রার্থী আজিজুর রহমান জানান, দেশের জনগণ সরকারের পরিবর্তন চায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ব্যাপক ভোট দিয়ে বিজয়ী করবেন।
এদিকে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গোলাম হাবিব দুলাল অস্টম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হয়ে এলাকার জনগণের মাঝে নিজেকে জনপ্রিয় করে তুলতে পেরেছেন। ফলে এ আসনে ভোটের মূল লড়াই হবে ত্রিমুখী। অন্যান্য প্রার্থীরা হলেন জেপি সমর্থিত বর্তমান এমপি রুহুল আমিন, জাতীয় পার্টির সাবেক সচিব ও রাষ্ট্রদূত মেজর (অব.) আশরাফ-উদ-দৌলা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আনছার আলী, বাসদের আবুল বাশার মঞ্জু, গণতন্ত্রী পার্টির আব্দুস ছালাম কালাম, বিপ্লবী ওয়ারর্কার্স পার্টির মহিউদ্দিন আহমেদ, গণফোরামের মাহফুজার রহমান, জাকের পার্টির শাহআলম, স্বতন্ত্র প্রার্থী ইউনুস আলী, ঈমান আলী এবং গণজাগরণ মঞ্চের প্রধান মূখপাত্র ডা. ইমরান এইচ সরকার।