বাঘায় স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট চেয়েছেন মুক্তিযোদ্ধারা

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

বাঘায় স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট চেয়েছেন এ দেশের  লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধারা। শুক্রবার উপজেলা প্রশাসনের  আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।  সকাল ১০ টায়  উপজেলা  মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভির  শ্রদ্ধা ও দোয়া মাহফিলের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভার সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। এ সময় উপস্থিত ছিলেন  সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাসহ সমাজের সুধীজন এবং বীর মুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল খালেক এবং  রয়েজ উদ্দিন বলেন,  আমরা ৯ মাস যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি। আমাদের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা যতদিন বেঁচে থাকবো  স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিয়ে যাবো।  সভায় নির্বাহী কর্মকর্তা বলেন, ১৪ ডিসেম্বর জাতির ইতিহাসে এক  বেদনাঘন দিন। বিজয়ের মাত্র দুইদিন আগে ১৪ ডিসেম্বর এই দিনে নারকীয় হত্যাযজ্ঞ ঘটিয়েছিল ঘাতকরা। আমরা আজকের এদিনে গভীরভাবে শ্রদ্ধা জানাই সেই সমস্ত বুদ্ধিজীবীদের প্রতি।