স্টাফ রিপোর্টার, বগুড়া
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে শেষমেশ বিএনপির একক প্রার্থী মাঠে রয়েছেন। তবে এর মধ্যে পাঁচটিতেই নতুন মুখ। এদিকে সাতটি আসনে আওয়ামী লীগ ও জোটের প্রার্থীরা সবাই বর্তমান সংসদ সদস্য। বিএনপি একটি আসন ছেড়ে দিয়েছে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে। প্রার্থীর তালিকায় রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। এখানে দলের আরেক নেতা মোহাম্মদ শোকরানা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ আসনে আওয়ামী লীগ থেকে একক প্রার্থী সংসদ সদস্য আবদুল মান্নান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মাহমুদুর রহমান মান্নার হাতে এবার ধানের শীষ প্রতীক তুলে দিয়েছে বিএনপি। এর আগে তিনি ১৯৯১ সালে জনতা মুক্তি পার্টির প্রার্থী হয়ে পরাজিত হন। একই আসনে ১৯৯৬ ও ২০০১ সালে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। দুবারই তিনি ধানের শীষের প্রার্থীর কাছে হেরে যান। ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে তিনি মনোনয়ন বঞ্চিত হন। এবার এই আসনে জামায়াতের সাবেক সংসদ সদস্য আবুল কালাম শাহাদুজ্জামান স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি প্রার্থী মাছুদা মোমিন তালুকদার। তিনি দলের সাবেক সংসদ সদস্য ও রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন তালুকদারের স্ত্রী। এখানে মাছুদা মোমিন বিএনপি নেতৃত্বাধীন জোটের একক প্রার্থী। তিনি নতুন মুখ। অন্যদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার।
বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি প্রার্থী জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোশারফ হোসেন। তিনি নতুন মুখ। এই আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য জিএম সিরাজ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে আওয়ামী লীগের একক প্রার্থী সংসদ সদস্য হাবিবর রহমান।
এদিকে বগুড়া-৬ (সদর) ও ৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিকল্প হিসেবে বগুড়া-৬ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বগুড়ায় নতুন মুখ। বগুড়া-৬ আসন ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএনপির দখলে ছিল। এর মধ্যে ২০০৮ সালে ধানের শীষ নিয়ে সংসদ সদস্য হন অ্যাডভোকেট মজিবুর রহমান। ১৯৯৬ থেকে ২০০৮ সালের নির্বাচন পর্যন্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চার দফা সংসদ সদস্য নির্বাচিত হন। এ আসনে আওয়ামী লীগের মহাজোট থেকে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর।
অন্যদিকে বগুড়া-৭ আসনে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচ দফা সংসদ সদস্য নির্বাচিত হন খালেদা জিয়া। এ আসনে ধানের শীষের চূড়ান্ত ও একক প্রার্থী হয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সম্পাদক মোরশেদ মিলটন। আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুহাম্মদ আলতাফ আলী।