মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিদ্রোহী প্রার্থীসহ আওয়ামী লীগের ছয় নেতাকে পদ ও পদবি থেকে বরখাস্ত করেছে উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সিদ্ধান্ত গ্রহণের পর সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত পত্রে স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বরখাস্ত নেতারা হলেন— উপজেলা আওয়ামী লীগের সদস্য সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী মোঃ আশরাফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এমাদুল হক খান, সহ-সভাপতি আরিফ-উল-হক, সম্পাদকমণ্ডলীর সদস্য জাহিদ উদ্দিন পলাশ, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান ও স্বতন্ত্র প্রার্থীর আপন ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রিয়াজ উদ্দিন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর জানান, মহাজোটের মনোনয়ন বঞ্চিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান দলীয় সিদ্ধান্ত না মেনে মহাজোটের মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেন। তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করে স্বতন্ত্র প্রার্থী হয়ে আপেল প্রতীক নিয়ে নির্বাচনী প্রাচরণায় মাঠে নামেন। তাকে সমর্থন দিয়ে অন্য নেতারা দলের প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ পদে থেকেও দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর পক্ষে মহাজোটের প্রার্থী লাঙ্গল প্রতীকের বিরুদ্ধে কাজ করছে। এ কর্মকাণ্ডকে সংগঠন বিরোধী হিসেবে বিবেচনা করে উপজেলা আওয়ামী লীগের সকল পদ পদবি থেকে সাময়িক বরখাস্ত করে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পত্র পাঠানো হয়েছে।
এদিকে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুর রহমান বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। তবে এটা অগঠনতান্ত্রিক ও রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে করা হয়েছে।